Tuesday, February 9, 2010
অন্য পরিচ্ছেদ
হাতের মুঠোয় একখন্ড সাদা মেঘ
অনাবিষ্কৃত একটা দ্বীপ
নীলজলের ফ্রেমে পরিপূর্ণ স্বচ্ছতায়
জ্বালাধরা চোখ ধুয়ে নিতে একবার
গ্রীলের ফাঁক গলে ছোঁয়ার অভিলাষ
শিকলছেঁড়া যত ইচ্ছার অনুশাসন
দুদিকের ওভেনে স্বপ্নের বুদবুদ
ভাতের ফেন ও নীল ধোঁয়া
বেসিনের জলে হলুদ প্রক্ষালন
দু একটি ইঁটে সযত্নে গেঁথে চলা
প্রত্যাশার খিলান
অস্তিত্বের প্রবাসে অন্য পরিচ্ছেদ
দূরতম দ্বীপ হয়ে অতীতের রান্নাঘর
অদৃশ্য ফোড়নের নীল ধোঁয়া
মধ্যরাতে ফেরে মার্সিডিজ
সাফল্যের নিঃশব্দ প্রবেশ
পিঠময় অর্থকরী নুনজমা সুখ
সূচনা
পাঁচিলের গায়ে শুকনো শেওলায়
বিকেলের রোদ আর আমি
কতদিনের সুখিদুখি সংলাপের ভাগাভাগি
বারান্দার পুরনো সোফার হাতলে প্রত্যাশিত অবসর
সময়ের অন্তিম আকাঙ্খার বিলম্বিত পল
উড়ন্ত এক আরশোলা শিশু
শেওলার খাঁজে খোঁজে আশ্রয়
অস্থির উন্মাদনায় দেখি গ্রিলের কিনারে সেই টিকটিকি
নিশ্চল...
কি জানি কতদিন পরে দেখেছে পতঙ্গ
খন্ডযুদ্ধের আগেই নিজেকে সরিয়ে নিই
কালিতে ভরাই সাদা পাতা
Monday, December 7, 2009
Bratyo

ব্রাত্য
সূর্যবংশজাত আর্যের বিকিরণ
অধিরথের স্নেহডোরে নিজেই সে ব্রাত্য
মুরার স্বপ্নে জাগে যে মৌর্য
উত্তাধিকারে তার---
বুদ্ধং শরণং গচ্ছামি
সঙ্ঘং শরণং গচ্ছামি...
বরফ ভেঙে বয়ে যায় নতুন সূর্যের খোঁজে
পূর্বদিশায়
দীপ্তপ্রভাহীন প্রদীপের পাদদেশ--
মাটির গর্ভে কয়েক খণ্ড লৌহ আকর
অরণ্যের গভীরে ঘটায়
কলঙ্কিত সালভা জুডুং...
ইতিহাস গোপন করে
রাতের শ্লেটে ধরিত্রি লিখে রাখে
গুপ্ত কবরের সংখ্যা
Monday, November 23, 2009
অন্ধকারে সব নীল...সব স্বপ্ন

সব নীল শুঁষে নিয়ে আকাশটা আজ
অদ্ভূতরকম ফ্যাকাশে
ছাদের লেগেথাকা কুয়াশায়
হেমন্তের মেঘলা
কাল রাতেও হয়ে গেছে দিগন্তজোড়া উল্কাবৃষ্টি
এখানে নিশাচরের পালকে মুখ লুকিয়ে
বিষাদের রামধনু
থমথমে অন্ধকারে ডুবে ছিল সব নীল...সব স্বপ্ন...
পার হয়ে ক্ষুধা ও ত্রাসের জঙ্গল
কতদিন আসেনি ওরা--
আকাশে মেঘ
জোনাকিবিহীন বন উপবন
পা ফেলে ওরা
অচিন ভূগোলের পিছল দ্রাঘিমায়
অক্ষান্তরে খুঁজে ফেরে
দুফোঁটা ভালোবাসার বিনিময়ে
একটা হিম হিম নীল আকাশ
চেতনার নীলে

ধোপানীর ঘাটে কাপড কাচে বেনেবউ
বুকে ভালুকনাচা খোয়াব
চোখে বেহুলার ভাঙাভেলার নেশা
ভাসতে ভাসতে জ্বলছে আগুন....
খরস্রোতে কতই না শরীরী ঋণ
চেতনার নীলে ধুয়েমুছে পরিপাটি
ফিনফিনে জোসনায় কখনও পথরোধ করে
অখ্যাত এক জাতিস্মর
সর্ষেক্ষেতের হলুদে হারায় সাদা থান
আলপথের শিশিরে ভিজিয়ে পাড়
পাক খায় বেদেনির সাপ
পরকীয়া হয়ে জেগে থাকে
কয়েকটা অবৈধ মুহুর্ত
